
গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো পবিত্র মাহে রমজান। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।
গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এর ফলে গতকাল থেকেই রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হয়েছে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় শুরু হয়ে গেছে।
এদিকে আজ প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় ছিল ভোর ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।
আগামীকাল দ্বিতীয় রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় ছিল ভোর ৩টা ৫১ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।
















