সহপাঠীদের সাথে ভুটানের প্রধানমন্ত্রী ডা: লোটে শেরিংর পুনর্মিলনী

0
626

মানুষের সেবায় চিকিৎসকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা: লোটে শেরিং। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। ২০ বছর পর প্রিয় ক্যম্পাসে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা: লোটে শেরিং। উৎসবমূখর পরিবেশে সময় কাটান সহপাঠীদের সাথে।

১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং। ১৯৯৯ সালে এমবিবিএস পাস করেন তিনি। পরবর্তীতে দেশে ফিরে গিয়ে জড়িয়ে পড়েন রাজনীতিতে। গত বছর ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লোটে শেরিং। এখন তিনি রয়েছেন বাংলাদেশ সফরে।

মেডিকেল কলেজের সহপাঠীদের সাথে পহেলা বৈশাখ উদযাপন করতে রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ময়মনসিংহে পৌঁছান ডাক্তার শেরিং। এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সহপাঠিরা ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এরপর যোগ দেন কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে। এসময় তিনি বলেন, একজন ভালো চিকিৎসক হবার আগে সবাইকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে মেডিকেলের শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডা. টান্ডি দরজি, স্বাস্থ্য মন্ত্রী লায়োনপু দিহেন ওয়াংমু, ভুটানের প্রধানমন্ত্রীর সহর্ধমিনী ডা. উগেন ডেমা, বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরো অনেকেই। ২০ বছর পর বন্ধুকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. শেরিংয়ের সহপাঠীরা।

ভুটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মেডিকেল কলেজসহ আশপাশের এলাকা সাজানো হয় বর্ণিল সাজে। নববর্ষের উৎসবে বাড়তি মাত্রা যোগ করে এই সহপাঠীদের মিলনমেলা।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here