২২ মে পর্যন্ত হজ্জের নিবন্ধনের সময় বাড়ল

0
441

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ্জ মোতাবেক) পবিত্র হজ্জ পালিত হওয়ার কথা। ২০২২ সালে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ্জ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মানুষ পবিত্র হজ্জে যেতে পারবেন।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৪ দিন বাড়িয়েছে। নিবন্ধন করা যাবে ২২ মে পর্যন্ত । ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২২ সালের হজ্জযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ১৬ থেকে ১৮ মে পর্যন্ত চলবে।

আজ বুধবার নিবন্ধনের সময় বাড়ানো–সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার হজ্জের নিবন্ধন কার্যক্রম ২২ মে পর্যন্ত বাড়ানো হলো। ২১ মে পর্যন্ত হজ্জ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহণ করবে।

এ বিষয়ে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধনের সময় বাড়ানোর প্রয়োজন ছিল। অন্যান্য বছর হজ্জের নিবন্ধন চলে দেড় মাসের বেশি সময় ধরে। এ বছর আমরা কম সময় পেয়েছি। হজ্জ প্যাকেজ ঘোষণার পর দুই সপ্তাহের কম সময় পাওয়া গেছে। এত অল্প সময়ে হজ্জের কার্যক্রম গুছিয়ে আনা কঠিন।’

এর আগে গত বুধবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ্জ প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজে খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এক দিন পর গত বৃহস্পতিবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ প্যাকেজ ঘোষণা করা হয়। এবার কোরবানির খরচ ছাড়া হজ্জ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here