বিয়েতে গোস্ত কম দেওয়া নিয়ে মারামারি, বরের চাচা নিহত

0
532

বরিশালে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রফিয়াদি গ্রামে বিয়ের অনুষ্ঠানের খাবারে গোস্ত কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের মারামারি হয়। এতে বরের চাচা আজহার মীর (৬৫) নিহত হন। গত মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র মতে, কিছু দিন আগে উপজেলার দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের পুত্র সজীব মীরের সাথে একই জেলার সদর থানার কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। ২ দিন আগে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়। এরপর বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনেপক্ষ থেকে প্রায় ৫০ জন সেই অনুষ্ঠানে যান। তাঁরা খাবার খেতে বসেন। খাবারের একপর্যায়ে তাঁদের কয়েকজন গোস্ত কম পাওয়ার অভিযোগ করেন। এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও ধাওয়ায় রূপ নেয়। একপর্যায়ে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই মারা যান।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জনাব আনিসুর রহমান এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

বরিশাল নগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে ২০ জনকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here