
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন এ বছর প্রায় ৮০ হাজার আমের চারা বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইমরুল হাসান বলেন, উপাচার্য স্যারের উদ্যোগে এ বছর প্রায় ৮০ হাজার আমের বীজ সংগ্রহ করে তা থেকে চারা উৎপন্ন করা হয়েছে। এ সকল আমের চারা পরবর্তীতে উন্নত জাতের আমের চারার সঙ্গে সংমিশ্রণের মাধ্যমে সুস্বাদু আমের জাত তৈরি করা হবে এবং তা বিনামূল্যে গোপালগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
বৃক্ষপ্রেমী উপাচার্যের এমন উদ্যোগে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, স্যারের এমন উদ্যোগে একদিকে যেমন আমরা বৃক্ষরোপণে উৎসাহী হই তেমনি সার্বিকভাবে দেশে আমের উৎপাদন ও বৃদ্ধি পাবে। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যানুসারে বশেমুরবিপ্রবিতে বর্তমানে বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদসহ প্রায় ২৫ হাজার উদ্ভিদ রয়েছে। বৃক্ষরোপণে এই অনন্য অবদানের জন্য ২০১৭ সালে বশেমুরবিপ্রবির উপাচার্য প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
















