
অ্যাশেজ লড়াইয়ের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডাক পেয়েছেন বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার শাস্তি কাটানো ক্যামেরন ব্যানক্রফট। নতুন মুখ মাইকেল নেসারকেও রাখা হয়েছে এই দলে। ব্যানক্রফটের ফেরা মানে টেম্পারিংয়ে নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারই এখন ফিরেছেন জাতীয় দলে। দীর্ঘ দিন পর ফেরায় ডেভিড ওয়ার্নারের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি তার। সম্প্রতি ইন্টার স্কোয়াড ম্যাচে ৯৩ রানের দুর্দ্ন্তা এক ইনিংস খেলেছেন তিনি। ইংলিশদের বিপক্ষে ৫ টেস্টের এই সিরিজে দল নির্বাচন প্রসঙ্গে নির্বাচক প্রধান ট্রেভর হনস জানান, ‘শিথিলতা ও বিকল্প ভাবার সুযোগ করে দিতে পারে এমন ভেবেই ১৭ সদস্যের দল। কারণ ৬ সপ্তাহের সূচিতে আমাদের দলকে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে হবে।’ টেম্পারিংয়ে শাস্তি পাওয়া তিন ক্রিকেটার নিয়ে তার মন্তব্য, ‘ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফট তিনজনই সম্প্রতি চমৎকার পারফরম্যান্স দিয়ে দলে ঢুকেছে।’ অজিদের এই দলে পেস ইউনিটে আছেন ৬জন। রয়েছেন জেমস প্যাটিনসনও। অবশ্য বিশ্বকাপে দারুণ পারফর্ম করা অ্যালেক্স ক্যারি জায়গা পাননি এই দলে। তার বদলে উইকেটকিপার হিসেবে রয়েছেন ম্যাথু ওয়েড। গত মৌসুমে বাতিলের খাতায় থাকা মিচেল মার্শকে ডাকা হয়েছে অবশেষে।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুশানে, টিম পেইন (অধিনায়ক), মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, পিটার সিডল, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও মাইকেল নেসার।
















