রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত; চার বগি উদ্ধার, দুর্ভোগে যাত্রীরা

0
726

রাজশাহীর চারঘাট উপজেলায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের আটটি বগির মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার সন্ধ্যায় বগিগুলো লাইনচ্যুত হওয়ার পর রাত ১০টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। এর ১৪ ঘণ্টায় চারটি বগি উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলে আছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী অসীম কুমার তালুকদার, রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর নাগাদ সব বগি উদ্ধার হতে পারে আগে এমন আশ্বাস পাওয়া গেলেও তার চেয়েও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান প্রকৌশলী আফজাল হোসেন বলেন, ক্রেন দিয়ে লাইনচ্যুত বগিগুলোকে শূন্যে উঠিয়ে লাইনে স্থাপন করা হচ্ছে। কিন্তু রাতে বৃষ্টির কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়। সবগুলো বগি কতক্ষণ সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না। তবে আমরা রাতের ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা এখনও বাতিল করিনি। আশা করছি, এই সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

বুধবার এই ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এরপর সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ফলে বুধবার রাতের ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস, বৃহস্পতিবার সকালের খুলনাগামী তিতুমীর এক্সপ্রেস, সাগরদাঁড়ি, কপোতাক্ষ, বরেন্দ্র এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি ও ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনের যাত্রীরা পড়েছেন দারুণ ভোগান্তিতে।

এদিকে ঢাকা থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটি নাটোরের আবদুলপুরে এবং বনলতা এক্সপ্রেস ট্রেন রাজশাহীর আড়ানিতে আটকা পড়ে আছে। এতে পুরো পশ্চিমাঞ্চল রেলওয়ের সিডিউল বিপর্যয় ঘটেছে। ট্রেনের যাত্রীরা বাসে উঠে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, যেসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে তাদের টিকিটের মূল্য ফেরত দেয়া হচ্ছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা ২৬ লাখ টাকা ফেরত দিয়েছেন। তবে হাতে আর নগদ টাকা নেই। তাই যারা টাকা ফেরত পাননি তাদের টাকা দেয়া হচ্ছে না। যাত্রীদের পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহীর চারঘাট হলিদাগাছির দিঘলকান্দি ঢালানের কাছে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেলবাহী ওই ট্রেনটি খুলনা থেকে রাজশাহীর হরিয়ানের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি ঈশ্বরদী হয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। পথে হলিদাগাছিতে লাইনচ্যুত হয়।

ট্রেনটির মাঝখান থেকে বগিগুলো লাইনচ্যুত হয়। তাই পরে আটটি বগি রেখে সামনের অন্য বগিগুলো নিয়ে তেলবাহী ওই ট্রেনটি বুধবার রাতেই রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছায়। রাত পৌনে ১০টার দিকে রিলিফ ট্রেন সেখানে পৌঁছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হয়।

ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here