
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার (৩১ আগস্ট) বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড আলবিয়নকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোচ পেপ গার্দিওলার দল। ম্যানসিটির হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। আর এতেই সিটিজেনদের হোম গ্রাউন্ডে সবমিলিয়ে মোট ৯৯টি গোল করে ফেললেন আর্জেন্টাইন; শততম গোলের কীর্তি গড়তে কেবল একটি গোলের প্রয়োজন তার!
খুব সম্ভবত চলতি মৌসুমেই প্রথম আর্জেন্টাইন হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন কীর্তি গড়তে যাচ্ছেন আগুয়েরো। ইপিএলের ইতিহাসে কোনো একটি ক্লাবের ঘরের মাঠে কেবল ১০০টি গোল করতে পেরেছেন দুজন ফুটবলার। আর্সেনালের ঘরের মাঠ হাইবুরিতে থিয়েরি অঁরি করেছিলেন ১১৪টি গোল এবং ম্যানইউর হয়ে ওল্ড ট্রাফোর্ডে ওয়েইন রুনি করতে পেরেছিলেন ১০১টি গোল। যেখানে আর এক গোল করতে পারলেই তৃতীয় ফুটবলার এবং প্রথম আর্জেন্টাইন হিসেবে আগুয়েরো শততম গোলের কীর্তি গড়বেন; সেই সঙ্গে এই দুজনকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।
গেল ম্যাচে সিটিজেনদের হয়ে ক্যারিয়ারে ৪০০ গোল পূর্ণ করেছিলেন আগুয়েরো। বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আজকের ম্যাচেও জোড়া গোল করেন; তাতে আগুয়েরোর গোলের সংখ্যা দাঁড়াল ৪০২-এ।
ক্লাব ক্যারিয়েরে আগুয়েরো আর্জেন্টিনা, স্পেন ও ইংলিশ ক্লাবের হয়ে খেলেছেন। তিনি নিজের দক্ষতার মাধ্যমে নিজেকে একজন সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন আন্তর্জাতিক ফুটবলেও। আর্জেন্টিনার হয়ে তিনি ৯৬ ম্যাচে করেছেন ৪০ গোল। আর্জেন্টিনার সেরা গোল দাতার তালিকায় লিওনেল মেসি এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতার পরে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।
















