
ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করা এক চীনা সেনা সদস্যকে বন্দি করেছে ভারতীয় সেনা জাওয়ানরা। শনিবার ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতীয় সীমান্তে প্রবেশ করা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনা সদস্যের বিরুদ্ধে নির্ধারিত পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, ওই চীনা সেনা ৮ জানুয়ারীর সকালে প্যাংগং হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ‘এলএসি’ পেরিয়ে ভারতের সীমান্তে এসেছিল। সেখানে অবস্থানরত ভারতীয় সেনারা তাকে হেফাজতে নিয়েছে।
ভারতীয় সেনা সূত্রে প্রকাশ, চীনা সামরিক বাহিনীর সাথে নির্ধারিত প্রক্রিয়ার আওতায় ওই সেনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক কোন পরিস্থিতিতে চীনা সেনা এলএসি পেরিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি, ভারত ও চীনের সৈন্যরা গতবছর মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মুখোমুখি অবস্থায় রয়েছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ থাকায় এই প্রবল শীতের মধ্যেও সীমান্তে উভয়পক্ষের সেনাবাহিনীর বড় সমাবেশ রয়েছে।
এরআগে, ভারতীয় সেনাবাহিনী গত বছরের অক্টোবরে পূর্ব লাদাখের চুমার-ডেমচক এলাকায় ওয়াং নামে এক পিএলএ’র সৈনিককে পাকড়াও করেছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ওই চীনা সেনা সদস্য ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল। এ সময়ে, ভারতীয় সেনাবাহিনী শীতের আবহাওয়া থেকে চীনা সেনাকে রক্ষার জন্য চিকিত্সা সহায়তার পাশাপাশি খাবার, পানীয় এবং গরম কাপড় দিয়েছিল। পরে তাকে চীনের কাছে হস্তান্তর করা হয়।
গতবছর জুনে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান নিহত হওয়ার পরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ওই সময়ে অনেক চীনা সেনা নিহত হওয়ার খবরও পাওয়া যায়। কিন্তু চীনা কর্তৃপক্ষ এ সম্পর্কে কোনও তথ্য দেয়নি। এরপর থেকে উভয় দেশই সংশ্লিষ্ট অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করে রেখেছে। দু’দেশের মধ্যে উত্তেজনা হ্রাস ও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠক হলেও এখনও পর্যন্ত এর কোনও কংক্রিট ফল পাওয়া যায়নি
















