Daily Jurain | দৈনিক জুরাইন

পার্লামেন্টারিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ দল

ক্রিকেট বিশ্বের উন্মাদনায় ভাসছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। আর স্বাগতিক ইংল্যান্ডের লন্ডনে এই উন্মাদনার পারদ একটু বেশিই চড়া। জনগণের এই ক্রিকেট জ্বরের আঁচ লেগেছে আইনপ্রণেতাদের গায়েও।

মঙ্গলবার (৯ জুলাই) ক্রিকেট খেলা দেশগুলোর আইনপ্রণেতারা রাজনৈতিক জটিলতা ভুলে গিয়ে ব্যাট-বল হাতে নেমে পড়েছিলেন লন্ডনের মাঠে।

সব দেশেই আইনপ্রণেতাদের পেশাগত ঝামেলা পাহাড়সম। এই যেমন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এখনও ব্রেক্সিট ইস্যুতে লড়ে যাচ্ছেন। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন মিতব্যয়িতার কথা বলছেন, সেই মুহূর্তে তারই সংসদ সদস্যরা অন্য দেশে গিয়ে ক্রিকেট খেলায় অংশ নেওয়ায় পড়েছেন সমালোচনার মুখে।

তবে এ টুর্নামেন্টের আয়োজক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ক্রিস হেটন-হ্যারিস বলেন, “আমি ক্রিকেটকে ভালোবাসি কারণ এটা এমন একটা খেলা যা অনেক দেশের মানুষকে একত্র করে।”

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে চলমান ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতেই এই আয়োজন।

চারদিনের এই বিশেষ টুর্নামেন্টে অংশ নিয়েছেন ইংল্যান্ড, বাংলাদেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের পার্লামেন্ট সদস্যরা।

মজার বিষয় হলো, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের বেশিরভাগই পেশাদার ক্রিকেটার নন। তবে ব্যতিক্রম বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নাইমুর রহমান দুর্জয়। জাতীয় সংসদের এই সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “এখানে অধিনায়কত্ব করা একটু কঠিন। কারণ আপনি যখন জাতীয় দলের অধিনায়ক, তখন বাকি খেলোয়াড়েরা ফিল্ডিং পজিশন, ব্যাটিং অর্ডার ইত্যাদি বিষয়গুলো জানেন।”

আগামী শুক্রবার বেকহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।