আগামী জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী জুন মাসের শেষ সপ্তাহে চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ চাঁদ দেখবে। সব নেতাকর্মীকে আমন্ত্রণ জানাচ্ছি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখার। গতকাল শনিবার শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মুহাম্মদ সামাদ।
পদ্মা সেতুর উদ্বোধন কাজের অগ্রগতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আজ রোববার প্রধানমন্ত্রী বরাবর আমরা সারসংক্ষেপ পাঠাব। তিনি যে সময় নির্ধারণ করবেন, আমরা সেই সময়ে পদ্মা সেতু শুভ উদ্বোধন করব।