চলে গেলেন দেশের প্রথম ক্রিকেট অধিনায়ক শামীম কবির

0
648

চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। সোমবার সকালে ধানমন্ডির ইডেন ক্লিনিকে মারা যান শামীম করিব। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠে নামতে ৬ বছর সময় লেগেছিল। বাংলাদেশ জাতীয় দল প্রথম ক্রিকেট ম্যাচ খেলে ১৯৭৭ সালের ৭ জানুয়ারি। সে সময় তিনদিনের একটি ম্যাচ খেলা হয় ইংল্যান্ডের একটি ক্লাবের বিপক্ষে। এই ম্যাচটি মূলত আয়োজিত হয় বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের জন্য। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য কি না সেটা পরীক্ষা করে দেখতেই এই খেলা।

ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লন্ডনের ঐতিহ্যবাহী একটি ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। এমসিসি ক্লাবটির এখন আর কোনো টিম নেই তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে ক্রিকেটের আইন-কানুন নিয়ে এই এমসিসি এখনো আলোচনা করে থাকে।

তৎকালীন সময়ে ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সে ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শামীম কবির।

১৯৪৫ সালে নরসিংদীতে জন্ম নেন শামীম কবির। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here