কঠিন শর্তে নাইজেরিয়ার নাগরিকের জামিন; স্টুডেন্ট ভিসায় এসে করত মাদকের কারবার

0
575

পাসপোর্ট জমা রাখা শর্তে নাইজেরিয়ার নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টে পাওয়া আজাহ অ্যানাওচুকওয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

স্টুডেন্ট ভিসায় দুই বছর আগে বাংলাদেশে আসেন নাইজেরিয়ার নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসি। বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ে বি ফার্মায় ভর্তি হয়ে তিনি একপর্যায়ে গার্মেন্ট ব্যবসা শুরু করেন। এর আড়ালে তিনি নতুন মাদক আইসের (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) বাণিজ্য শুরু করেন।

২০১৯ সালের ২৮ জুন রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা শাখা) মো. মোসাদ্দেক হোসেন রেজা।

অতিরিক্ত পরিচালক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নাইজেরিয়ার ড্রাগ ডিলার আজাহ অ্যানাওচুকওয়ার আইস ব্যবসার কথা জানা যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী, মাদক কেনার ফাঁদ পেতে ২৭ জুন রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের পাশ থেকে ৫০ গ্রাম আইসসহ তাকে আটক করা হয়। পরে ভাটারা এলাকার বাসা থেকে আরো ৪৭২ গ্রাম আইস জব্দ করা হয়।’

উগান্ডা থেকে আইসের চালানটি ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসে। নাইজেরিয়ায় অবস্থানকারী আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসি বাবা ও মা অসুস্থ ছিলেন। সম্প্রতি তার মা মারা যাওয়ার পর তিনি দেশে ফেরার চেষ্টায় ছিলেন। সেজন্য তার কাছে থাকা আইস বিক্রির চেষ্টা করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসি স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে আসেন। দুই বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। একপর্যায়ে গার্মেন্ট ব্যবসার জন্য তিনি ব্যাংকক, মালয়েশিয়া, ভারত, উগান্ডা, কেনিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাতায়াত করেছেন। এ ব্যবসাকে সামনে দেখিয়ে আড়ালে তিনি আসলে আইসের ব্যবসা চালিয়ে আসছিলেন।

পরে আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাইকোর্ট গত বছরের ৩০ সেপ্টেম্বর তাঁকে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আজ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁর পাসপোর্ট জমা রাখার শর্ত দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here