Daily Jurain | দৈনিক জুরাইন

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে ঠাকুরগাঁওয়ের সাহাব উদ্দীন (১৬) নামে এক শিক্ষার্থী। তিনি গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। সোমবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

সাহাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ি গ্রামের একরামুল হকের ছেলে। সে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। যার পরীক্ষার রোল-২০৩২৬৭।

ওই মাদরাসার নৈশ প্রহরী নুরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে ফলাফল পাওয়ার পর বিকালে গ্যাস টেবলেট খায় সাহাব উদ্দীন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, উক্ত কথা শুনেছি। শিক্ষার্থীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।