ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় একে অপরের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। সমান ২ পয়েন্ট করে থাকলেও ভালো নেট রানরেটের কারণে পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
তবে এই বিশ্বকাপে আপাতত এগিয়ে থাকলেও বিশ্বকাপ ইতিহাসের পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে আছে পাকিস্তান। এর আগের ১১টি বিশ্বকাপ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর এর সবকটিতেই জয় পেয়েছে তারা। অর্থাৎ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ের হার শতভাগ। বিশ্বের আর কোনো দলই নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা ৭ ম্যাচ জেতেনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে অষ্টম লড়াইয়ে নামার আগে, এ পরিসংখ্যান পাকিস্তানকে অবশ্যই বাড়তি সাহস দেবে। তবে লঙ্কান ক্রিকেটাররা ছাড় দেওয়ার মানসিকতায় নেই। আগের ৭বার না হলেও এবার হতেও পারে এমন ভাবনা নিয়েই মাঠে নামবে লঙ্কানরা। এশিয়ার এ দু দলের সমান্তরাল লড়াই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।